এমপিওভুক্ত হচ্ছেন ছয় মাসের ডিপ্লোমাধারী আইসিটি শিক্ষকরা
বিশেষ পদ্ধতিতে এমপিওভুক্ত হচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক পদে ২০১৬ সালে যোগ দেওয়া ছয় মাসের ডিপ্লোমাধারী শিক্ষকরা। সূত্রমতে, আদালতের রায় অনুযায়ী, ইতোমধ্যেই ইতিমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ বিষয়টি নিয়ে কাজ করছেন।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন জানিয়েছেন, মূলত আদালতের নির্দেশে ৬ মাসের ডিপ্লোমায় এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারবেন। মামলার রায় অনুযায়ী বিশেষ পদ্ধতিতে শুধু ২০১৬ সালের প্রার্থীরা এই সুযোগ পাবেন।
জানাগেছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে গত ৯ জুন শিক্ষক নিয়োগ ও এমপিওর জটিলতার সার্বিক বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর কর্মকর্তাদের সভায় ছয় মাসের ডিপ্লোমা নিয়ে এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত আইসিটি শিক্ষকদের জটিলতা নিরসনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এর আগে ২০১৬ সালের ১৪ জুলাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে কম্পিউটার শিক্ষক পদে তিন বছরের ডিপ্লোমা কোর্স ও স্নাতক ডিগ্রিসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের কম্পিউটার শিক্ষক পদে আবেদনের সুযোগ দেয়া হয়। একই দিনে ওই বিজ্ঞপ্তি সংশোধন করে বলা হয়, স্নাতক ডিগ্রিসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীরা শিক্ষক (কম্পিউটার) পদে আবেদনের সুযোগ পাবে না। বিষয়টি চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ কাজী মো. সাইফুদ্দিনসহ ১৮ জন আবেদনকারী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
এরপর ২০১৭ সালের জুলাই মাসে স্নাতক ডিগ্রিসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে আবেদন বৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।